আইন পেশার সনদ নিয়ে একই সঙ্গে চাকরি, ব্যবসা ও অন্যান্য পেশায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন নিষ্পত্তি না করার নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।
সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট করেন।
আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া ২০২৩ সালের ৩০ জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলে চিঠি দেন। আবেদনে তিনি বলেন, আইন পেশা একটি মহান ও মর্যাদাপূর্ণ পেশা। এ পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখা সবার দায়িত্ব।
আবেদনে অভিযোগ করা হয়, অনেক আইনজীবী আইন পেশার সনদ নেওয়ার পরও পাশাপাশি বিভিন্ন ব্যবসা-বাণিজ্য, চাকরি ও অন্যান্য পেশায় নিয়োজিত রয়েছেন। এসব পেশার মধ্যে রয়েছে ঠিকাদারি, জনশক্তি রপ্তানি, গাড়ির শোরুম, পরিবহন ব্যবসা, ইট-বালু-সিমেন্টের ব্যবসা, মোবাইল ফোনের ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্টের দোকান পরিচালনা।
ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়ার আবেদনে বলা হয়, এসব কর্মকাণ্ড বার কাউন্সিলের আইন ও বিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং এর ফলে আইন পেশার মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। এ কারণে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
আবেদনে সাড়া না পেয়ে গত ১২ আগস্ট সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠান ওই আইনজীবী। নোটিশেরও জবাব না পাওয়ায় তিনি হাইকোর্টে রিট করেন।