বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত ও বার প্রাঙ্গণকে শতভাগ ধূমপানমুক্ত এলাকা ঘোষণা এবং এ-সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া আইন সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) অনুযায়ী জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। আদালত, ট্রাইব্যুনাল ও বার প্রাঙ্গণও জনসমাগমস্থল হওয়ায় সেখানে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ হলেও বাস্তবে আইন কার্যকরভাবে প্রয়োগ করা হচ্ছে না। এর ফলে বিচারপ্রার্থী, আইনজীবী, বিচারক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ সদস্য, নারী, শিশু ও প্রবীণরা পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আদালত আইনের শাসন প্রতিষ্ঠার প্রতীক। সেখানে প্রকাশ্যে ধূমপান চলতে থাকলে তা শুধু আইনের লঙ্ঘনই নয়, বিচার বিভাগের মর্যাদা ও জনআস্থারও পরিপন্থী। পাশাপাশি সংবিধানের অনুচ্ছেদ ৩২ (জীবনের অধিকার) ও অনুচ্ছেদ ১৮ক (জনস্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল (এফসিটিসি)-এর অঙ্গীকারের কথাও নোটিশে তুলে ধরা হয়েছে।
এতে আদালত ও বার প্রাঙ্গণে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন, নিয়মিত তদারকি, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং সব বিচারিক প্রতিষ্ঠানকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে বলা হয়েছে, সাত দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদনসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।